বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাক চাপায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত সোয়া ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাহিদ হাসান (২১) ও শ্রী সম্পদ (২০)। তারা দুজনই সামিট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির প্রথমবর্ষের ছাত্র।
ওই ২ শিক্ষার্থী শেরপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে মির্জাপুর বাজারের কাছে পৌঁছলে ঢাকাগামী ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে তারা রাস্তায় পড়ে গেলে ট্রাক তাদের শরীরের ওপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, নিহতরা একটি মোটরসাইকেল যোগে মির্জাপুর বাজার থেকে বাড়ি যাচ্ছিল। এ সময় মহাসড়কের কৃষ্ণপুর ঈদগাঁহ মাঠ নামক স্থানে পৌঁছলে ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ওই দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। এছাড়া ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে শনাক্তের চেষ্টা চলছে।