বগুড়ার সোনাতলায় বাঙ্গালি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থী আইনুল ইসলামের (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১০টায় নদীর তলদেশ থেকে লাশটি উদ্ধার করে ডুবুরিরা। এর আগে শনিবার দুপুরে সে নদীতে তলিয়ে যায়।
নিহত আইনুল সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের সোনাকানিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে এবং বয়ড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি এসএসসি পরীক্ষার্থী ছিলো।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, আইনুলসহ তিন বন্ধু শনিবার দুপুরে বাঙ্গালি নদীতে গোসল করতে যায়। সাঁতার কেটে নদীর পাড় হতে গিয়ে আইনুল ডুবে যায়। অপর দুই বন্ধু নদী পার হয়।
ঘটনা জানাজানি হলে গ্রামের লোকজন এবং স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা শনিবার বিকাল পর্যন্ত নদীতে তল্লাশি করে নিখোঁজ আইনুলের সন্ধান পাননি।
রবিবার সকালে রাজশাহী থেকে পাঁচ সদস্যের ডুবুরি দল এসে ঘণ্টাব্যপী নদীতে তল্লাশি করেন। পরে নদীর তলদেশে বালির নীচে চাপা পড়ে থাকা আইনুলের লাশ উদ্ধার করে।