বগুড়ায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক জোজিফ হোসেন প্রতীককে মারধরের অভিযোগ উঠেছে। তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের ঠনঠনিয়া গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতীক দাবি করেছেন, এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছিনতাইকারীরা তার ওপর হামলা চালায়।
তবে সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, সিসিটিভি ফুটেজে ছিনতাইয়ের কোনো ঘটনা পাওয়া যায়নি। অন্য কোনো কারণে ওই সাংবাদিককে মারধর করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি। তদন্তে সবকিছু জানা যাবে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, হামলার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দিলে ও তদন্ত সম্পন্ন হলে সাংবাদিক জোজিফ হোসেন প্রতীকের ওপর হামলার প্রকৃত কারণ জানা যাবে। আর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।