ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘গুলাব’। ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের দিকে ধেয়ে যাচ্ছে এটি। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ দুই রাজ্যে আঘাত হানতে পারে। এর প্রভাবে বাংলাদেশ, পশ্চিমবঙ্গসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।
সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শনিবার (২৫ সেপ্টেম্বর) রূপ নেয় ঘূর্ণিঝড় ‘গুলাবে’। যার গতিবেগ ঘণ্টায় ৯৫ কিলোমিটার। এর প্রভাবে উপকূলে দমকা হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সন্ধ্যার দিকে ‘গুলাবের’ প্রভাব পড়তে পারে বাংলাদেশে। এতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু জায়গায়, রংপুর-ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘গুলাব’ বর্তমানে উত্তরপশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি বেশি শক্তিশালী হওয়ার শঙ্কা নেই। কারণ, ঘূর্ণিঝড়টি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলমুখী। ফলে এতে বাংলাদেশে ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। তবে এর প্রভাবে দু-তিন দিন বৃষ্টিপাত হতে পারে।