বিশেষ প্রতিনিধি; বন্ধ হয়ে গেল অনলাইন নিউজ পোর্টাল ‘সারাক্ষণ’। রোববার (১১ এপ্রিল) দুপুরে নিউজ পোর্টালটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এটি আর না চালানোর সিদ্ধান্তের কথা জানায়।
বন্ধ করার বিষয়টি নিউজ পোর্টালের সঙ্গে যুক্ত প্রায় ৪০ জন সংবাদকর্মীকে প্রশাসন শাখা থেকে অবহিত করা হচ্ছে।
গত বছরের ২৫ সেপ্টেম্বর যাত্রা শুরু হয় অনলাইন নিউজ পোর্টাল সারাক্ষণ-এর। নিউজ পোর্টালটির প্রধান কার্যালয় রাজধানীর বনানীর ইকবাল সেন্টারে। মাত্র সাড়ে ৬ মাসের মাথায় বন্ধ হচ্ছে এ সংবাদ মাধ্যম।
এ বিষয়ে সারাক্ষণ-এর সম্পাদক স্বদেশ রায় বলেন, ‘ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চেয়েছিল একটি দৈনিক পত্রিকা বের করতে। দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ফলে এটি প্রকাশ করতে দেরি হবে। এর মধ্যে নিউজ পোর্টাল চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছে। এ কারণে এর কার্যক্রম বন্ধ করা হচ্ছে।’