বরিশাল নগরীর সোনালী আইসক্রিমের মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০ মণ জাটকাসহ ১৫ জনকে আটক করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নগরীর ওই এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে আটককৃতরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ভাষানচর এলাকার মো. রাসেল, উত্তর জাঙ্গালিয়ার চরশেফালী এলাকার রিয়াজ বেপারী ও কাওছার হাওলাদার, বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগর এলাকার আব্দুস ছত্তার গাজী, সেকান্দার হাওলাদার, পূর্ব হবিনগর এলাকার আহম্মাদুল বাদশা। এছাড়া দক্ষিণ চরআইচা এলাকার মনির হাওলাদার, আল আমিন গাজী, চরআইচা এলাকার স্বপন হাওলাদার ও সুজন কুমার বেপারী, চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা এলাকার খোকন বিশ্বাস, সাপানিয়া এলাকার সাদ্দাম সরদার, লিটন ভূইয়া, চরবাড়িয়া এলাকার কালাম হাওলাদার এবং রাঢ়ীমহল এলাকার মোতালেব হাওলাদার।
আটককৃতের মধ্যে খোকন বিশ্বাস, সাদ্দাম সরদার ও লিটন ভূইয়া জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত থ্রি হুইলারের চালক।
অভিযানে জব্দ জাটকাগুলো উপজেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।