বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) আরটি-পিসিআর মেশিনে যান্ত্রিক ত্রুটি হওয়ায় বন্ধ রয়েছে করোনার নমুনা পরীক্ষা। কোনো এক যন্ত্রাংশে দূষণ স্থায়ী থাকায় এমন ত্রুটি সৃষ্টি হয়েছে।
বরিশালের শেবাচিম হাসপাতালের পিসিআর ল্যাব প্রধান ডা. মো. আকবর হোসেন জানান, শুক্রবার (১ জানুয়ারি) বরিশাল পিসিআর ল্যাব দূষণমুক্ত করার কাজ করার পর দেখা যায় মেশিনটির একটি ইউনিট দূষণের শিকার। এ সময় থেকে নমুনা পরীক্ষা বন্ধ রাখা হয়। শনিবার সকাল থেকে মেশিনের যন্ত্রগুলো একে একে ভাইরাসমুক্ত করার কাজ আবার শুরু হয়েছে। এরপরও ভাইরাস দূর না হলে এটি ঢাকায় নিয়ে সার্ভিসিং করে পরীক্ষা শুরু করতে অন্তত সপ্তাহখানেক সময় লাগবে। এজন্য গতকাল থেকে বরিশালে সংগ্রহ করা নমুনা ভোলা এবং ঢাকায় পাঠানো হচ্ছে।
এর আগে গত ৩ ডিসেম্বর পিসিআর মেশিনে ত্রুটি দেখা দেয়ায় সেটি ঢাকায় নিয়ে সার্ভিসিং করা হয়েছিল। গত বছর ৯ এপ্রিল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব চালুর পর এখন পর্যন্ত প্রায় ৫২ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে।