ব্রিটিশ সরকারের উদ্যোগে বর্ণ বৈষম্য বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশের পর সৃষ্ট বিতর্কের মধ্যেই বরিস জনসনের জাতিগত সংখ্যালঘু (Ethnic Minorities) বিষয়ক সিনিয়র উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন।
জাতিগত ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে স্যামুয়েল কাসুমু অসন্তুষ্ট ছিলেন বলে জানা যায়। তিনি এই প্রতিবেদন সম্পর্কে কোনও মন্তব্য করেননি। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র অবশ্য জোর দিয়ে বলেছেন, মিঃ কাসুমু মে মাসে সরকারের পদ ছাড়ার জন্য “বেশ কয়েক মাস ধরে” পরিকল্পনা করছিলেন।
তিনি আরও বলেন, চলতি সপ্তাহে পদত্যাগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারনা করা কিংবা [কমিশনের] প্রতিবেদন প্রকাশের সাথে এই পদত্যাগের বিষয়টিকে সম্পর্কিত করা সম্পূর্ণভাবে ভুল হবে।
বর্ণ বৈষম্য বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য প্রতিকূল ব্যবস্থা যুক্তরাজ্যে এখন আর নেই।
সাম্যবাদের প্রচারকরা এই প্রতিবেদনের সমালোচনা করে বলেছেন, এতে ব্রিটিশ সমাজ এবং প্রতিষ্ঠানগুলিতে বর্ণবাদের বিরাজমান মাত্রাকে কমিয়ে উপস্থাপন করা হয়েছে।
আর প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিবেদনটি “মৌলিক এবং উদ্দীপনা” সৃষ্টিকারী। তবে তিনি প্রতিবেদনের “একেবারে সবকিছুর” সাথে একমত নন।