চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত সাত জন শ্রমিকের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৩৫ লাখ টাকা দিয়েছে এস আলম গ্রুপ।
নিহতদের পরিবারকে টাকা দেয়া সংক্রান্ত প্রতিবেদন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হয়েছে। রোববার (২৫ জুলাই) সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিষয়টি জানিয়েছেন।
তবে ওই ঘটনায় ডিসি ও এসপির নেতৃত্বে গঠন করা দু’টি তদন্ত কমিটির রিপোর্ট আদালতে দাখিল করার জন্যে সময় চেয়ে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ।
এ ছাড়া রোববার (২৫ জুলাই) সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার বলেন, ডিসি ও এসপির নেতৃত্বে গঠিত দু’টি তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করতে আদালত ৪৫ দিন সময় দিয়েছিলেন। আমরা আদালতের কাছে আরো সময় চেয়েছি।
গত ৪ মে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৭ জন নিহত হওয়ার ঘটনায় পরিবারগুলোকে আপাতত ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে নিহত প্রত্যেকের পরিবারকে তিন কোটি টাকা ও আহত প্রত্যেকের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।