পাল্লেকেলেতে বাংলাদেশ-শ্রীলংকা প্রথম টেস্টের শেষ দিনে ১০৭ রানের লিড নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ৮ উইকেটে ৬৪৮ রান করেছে লঙ্কানরা। এখন ব্যাট করছে বাংলাদেশ।
শেষ দিনের শুরুতেই জোড়া আঘাত হানেন তাসকিন। স্কোরবোর্ডে ২৩ রান যোগ হতেই বোল্ড হয়ে ১৬৬ রানে ফিরেছেন ধনঞ্জয়া ডি সিলভা। বাংলাদেশের তোলা ৫৪১ রান এরপরই টপকে যায় শ্রীলঙ্কা। দ্রুত লিড বাড়ানোর উদ্দেশ্যে হাত খুলে খেলতে থাকা লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে থেমেছেন ২৪৪ রানে। এই উইকেটটাও তাসকিনের।
এরপর ইবাদত তুলে নিয়েছেন পাথুম নিশানকার উইকেট। ৩১ করে রানআউট হয়ে ফিরেছেন ডিকওয়ালা। ওয়ানডে স্টাইলে ৫৫ বলে ৪৩ করে তাইজুলের বলে বোল্ড হয়েছেন হাসারাঙ্গা ডি সিলভা। এরপর লাঞ্চ ব্রেকে গিয়ে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা।
বাংলাদেশের পক্ষে তাসকিন ৩টি, তাইজুল ২টি, ইবাদত ১টি ও মিরাজ ১টি উইকেট দখল করেন।
এর আগে, নাজমুল হাসান শান্তর ১৬৩, মুমিনুলের ১২৭ ও তামিম ইকবালের ৯০ রানে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রান করে ইনিংস ঘোষণা করে টাইগাররা। সহজেই অনুমেয় ড্রয়ের দিকেই যাচ্ছে এই টেস্ট।