মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: ‘নব আনন্দে জাগো—আজি নব রবি কিরণে,/ শুভ্র-সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে!’
বৈশাখের প্রথম দিনের সূর্যের নতুন আলোর সঙ্গে এসেছে নতুন বছর। বাংলা নববর্ষ ১৪২৯। শুভ নববর্ষ।

করোনা অতিমারির কারণে টানা দুই বছর গৃহবন্দিত্বের পর এবার নতুন প্রত্যাশা ও উচ্ছ্বাস নিয়ে হাজির বাঙালির সার্বজনীন উৎসব নববর্ষ।
বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন বাগেরহাটের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সকাল ৯ টায় বৈশাখের গান ‘এসো হে বৈশাখ’ এর মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়।
কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে বাগেরহাট শহরের গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তন, বাগেরহাটে এসে শোভাযাত্রা শেষ হয়।

শোভাযাত্রায় জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি সকল কর্মকর্তা ও কর্মচারী, জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, সুধীজন, সাংবাদিক, শিশু-কিশোর এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় বাঙালির চিরায়ত কৃষ্টি, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি বিভিন্ন উপকরণের মাধ্যমে তুলে ধরা হয়।

জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে জেলা প্রশাসন বাগেরহাট কর্তৃক আয়োজিত ৭দিন ব্যাপী (১ বৈশাখ হতে ৭ বৈশাখ) বৈশাখী লোকজ মেলার শুভ উদ্বোধন করেন বাগেরহাটের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।