রাজশাহীর বাঘা উপজেলায় জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে তিন নারীসহ আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে ওই ঘটনায় রোববার সকালে বিক্রম কুমার সাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, নারায়ণপুর গ্রামের স্বপন সাহা এবং উত্তম সাহার মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে শনিবার সকাল ৯টায় উপজেলার নারায়ণপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহতরা হলেন স্বপন পক্ষে স্বপন সাহা (৬১), তার বোন ছবি সাহা (৪৮), তুষার সাহা (২২), জুতি সাহা (২০)। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে উত্তম কুমার সাহার পক্ষে আহত হয়েছেন তার ছোট ভাই অপূর্ব সাহা (৪২), বিক্রম কুমার জিত (৪৮), বিদ্যুৎ সাহা (৩৫), কবিতা সাহা (৪০)। তাদের মধ্যে অপূর্ব সাহা এবং কবিতা সাহা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। বাকি দুজন ভর্তি রয়েছেন।
বাঘা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে শালিসবৈঠক করে সমাধান করে দিয়েছিলাম। কিন্তু সেটি মানছেন না। তার কথায় স্বপন সাহা মানলেও উত্তম ও তার ভাই অপূর্ব মানেননি।
এ বিষয়ে বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেওয়ার পরও একটি পক্ষ না মানায় সংঘর্ষের ঘটনা ঘটেছে শুনেছি।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, উভয়পক্ষ থেকে পৃথক দুটি অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।