দুর্বিষহ সময় কাটাচ্ছে সিলেট ও সুনামগঞ্জের বানভাসি মানুষ। সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি অনেনক তারকারাও ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছেন বন্যার্তদের সহযোগিতার জন্য। সেই তালিকায় এবার যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তবে এর অর্থ যোগানের জন্য অভিনব উদ্যোগ নিয়েছেন তিনি।
এই অভিনেত্রী নিজের আঁকা শিল্পকর্ম বিক্রি করে তা থেকে প্রাপ্ত অর্থ বানভাসি মানুষদের জন্য খরচ করবেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুন) সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের আঁকা কিছু শিল্পকর্ম পোস্ট করে এই ঘোষণা দেন ভাবনা।
‘ভয়ংকর সুন্দর’ খ্যাত এই অভিনেত্রী জানান, ইতোমধ্যে নিজ উদ্যোগে সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব বন্যাকবলিতদের জন্য সহযোগিতা পাঠিয়েছেন। কিন্তু এর থেকে আরও বড় আকারে বানভাসিদের জন্য কাজ করতে চান তিনি। এ জন্য নিজের প্রথম একক চিত্র প্রদর্শনীর জন্য জমানো শিল্পকর্ম বিক্রি করার উদ্যোগ নিয়েছেন।
ভাবনা জানান, “আপনারা সবাই জানেন শিল্প আমার পেশা এবং ভালোবাসার জায়গা। আমার প্রথম প্রদর্শনীর জন্য আমি একটি সিরিজ তৈরি করার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করেছি, কিন্তু বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি, বিশেষ করে সিলট অঞ্চলের অবস্থা দেখে আমার শিল্পকর্ম বিক্রির পরিকল্পনা করেছি। এসব থেকে আমি যা পাব তা বন্যার কারণে ক্ষতিগ্রস্তদের দেয়া হবে।”
এছাড়া তার আঁকা কোনো শিল্পকর্ম কারো পছন্দ হলে তার সঙ্গে ফেসবুকে যোগাযোগের জন্য আহ্বানও জানিয়েছেন এই অভিনেত্রী।