ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা। ঈদের জন্য নির্মিত বিশেষ নাটকে অভিনয় করতে গিয়ে বানরের কামড় খেয়ে আহত হয়েছেন তিনি। ঈদের জন্য নির্মিত নাটকের নাম ‘নিখোঁজ সংবাদ’।
বুধবার (১৬ মার্চ) শেরেবাংলা নগর এলাকার একটি বস্তিতে এ ঘটনার শিকার হন অভিনেত্রী।
ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে তমা মির্জা বলেন, ‘আজ দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বানরের খেলা দেখানোর একটি দৃশ্যধারণ করতে গিয়ে বানর নিয়ে শুটিং করছিলাম। তখন আমি পুরোপুরি চরিত্রের মধ্যে ছিলাম। শটের এক্সপ্রেশন দিচ্ছিলাম, হঠাৎ বানরটি আমাকে কামড়ে দেয়। এমনভাবে বানরটি কামড়েছে যে ছাড়ানা যাচ্ছিল না অনেকক্ষণ। পরে বানরের মালিক অনেক কৌশলে তাকে ছাড়িয়ে নেয়। এতে বেশ রক্তক্ষরণ হয়েছে। এ ঘটনার পর পাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমাকে।’ পরে জানলাম, বয়স কম আর ভালো ট্রেনিং না করানোয় এমনটা করেছে বানরটা।’
এ ঘটনার পর সাময়িক শুটিং বন্ধ রাখা হয় এবং তমাকে পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন শঙ্কামুক্ত।
তমা মির্জা বলেন, ডাক্তার বলেছেন চিন্তার কোনো কারণ নেই। বানর কামড়ালে কোনো সমস্যা হয় না। তবে এখনো জ্বালাপোড়া ও ব্যথা অনুভব করছি। তাই হাতে ব্যান্ডেজ করে দিয়েছেন আর কিছু ওষুধ দিয়েছেন।