বান্দরবানে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো জীবাণুমুক্ত রাখা এবং ডাক্তার ও রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের পক্ষ থেকে শহরের ফায়ার সার্ভিস এলাকায় এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং উপস্থিত ছিলেন। জেলার সিভিল সার্জন ডা. অংসুই মারমা ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. অংচালু এর হাতে জেলার ৭টি উপজেলার জন্য ৪৫ কেজি জীবাণুনাশক ক্লোরিন পাউডার, ৫০০ টি গ্লাভস, ১২ হাজার মাক্স, ১ হাজার প্রোটেকটিভ আউট ওয়ার, ১ হাজার ৫শ সার্জিক্যাল গাউন, ২৪টি ১০০ লিটার বালতি, ৩২টি ১০ লিটার বালতি, ৮০ টি বাকেট মগ, ২ হাজার ৪শ ডাস্টার ক্লথ প্রদান করা হয়।
এ সময় রেড ক্রিসেন্ট এর জেলা সেক্রেটারি অমল কান্তি দাশ, নির্বাহী সদস্য মো. খলিলুর রহমান সোহাগসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।