এই প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে ও সর্বকালের সেরাদের একজন ক্রিস্টিয়ানো রোনালদো। ছেলে রোনালদো জুনিয়রের পায়েও রয়েছে দারুণ খেলা। এবার সিআর সেভেনের দেখানো পথই অনুসরণ করল তার ছেলে জুনিয়র।
মাত্র ১১ বছরের কিশোর প্রতিভা সই করলেন বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। তার পরনেও থাকবে বাবার মতোই সাত নম্বর জার্সি। বাবা খেলেন মূল একাদশে। আর অ্যাকাডেমিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ছেলে। বাবা-ছেলে খেলবে এক ক্লাবে! একেই বলে পরম্পরা!
রোনালদোর ছেলের ফুটবল খেলার যে টুকরো টুকরো ভিডিও এখনও পর্যন্ত ফুটবল বিশ্ব দেখেছে, সেখানে জুনিয়র কিন্তু বুঝিয়ে দিয়েছে, তার মধ্যেও রয়েছে বড় ফুটবলার হওয়ার রসদ। পায়ের ভাঁজও অনেকটা বাবার মতোই।
রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেস বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে রোনালদো জুনিয়রকে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি হাতে দেখা যাচ্ছে। সেই ছবির ক্যাপশনে জর্জিনা লিখেছেন, ‘আমাদের স্বপ্নগুলো একসঙ্গে অনুসরণ করছি। মা তোমাকে ভালোবাসে।’ সেই ছবি ৫৩ লাখের ওপর মানুষ শেষ ২২ ঘণ্টায় লাইক দিয়েছেন। এই পরিসংখ্যান প্রতিবেদন লেখার সময় পর্যন্ত।
রোনালদোর এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন যে, তিনি কখনই জুনিয়রকে ফুটবলার হওয়ার জন্য চাপ দেবেন না। তার সন্তান বেছে নিতে পারে যে কোনো পেশা। সবেতেই সমর্থন থাকবে পর্তুগিজ কিংবদন্তির। তবে রোনালদোর ছেলে যদি তার মতোই ফুটবলার হয়, তাহলে বাবা হিসাবে তিনি গর্ব বোধ করবেন।
গত বছর সেপ্টেম্বর মাসে জুভেন্টাস ছেড়ে রোনালদোর ফেরেন ওল্ড ট্র্যাফোর্ডে। ১২ বছর পর পুরনো ক্লাবে প্রত্যাবর্তন করেছেন ফুটবলের মহাতারকা। ফের একবার ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে খেলছেন তিনি। স্যার আলেক্স ফার্গুসনের হাত ধরে আন্তর্জাতিক স্তরে উত্থানের পর তিনি চলে যান স্পেনের রিয়াল মাদ্রিদে। অবশেষে ৩৬ বছর বয়েসে রোনালদো ফেরেন লাল জার্সিতে। সূত্র: মার্কা