স্পোর্টস ডেস্কঃ আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লীগে নিজেদের জায়গা পাকা করতে আরও একধাপ এগিয়ে গেল লিভারপুল। বুধবার রাতে টার্ফ মোরে বার্নলিকে ৩-০ গোলের হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এই জয়ে ফেব্রুয়ারি তথা তিন মাস পর প্রথমবার প্রিমিয়ার লীগ তালিকার চার নম্বরে উঠে এলে অল রেডরা।
ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য বিস্তার করে লিভারপুল। ৫৯ শতাংশ বল দখলে রেখে মোট ২০টি শট নেয় তারা, তবে লক্ষ্যে ছিল মাত্র ৩টি। অপরদিকে ১০টি শটের ৪টি লক্ষ্যে রাখে বার্নলি।
প্রথম চার মিনিটেই ভালো দুটি সুযোগ পায় লিভারপুল। প্রথম ডি-বক্সে মোহাম্মদ সালাহর শট রুখে দেন ডিফেন্ডার বেনমি। কাছ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি সাদিও মানে। ১৬তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করে সফরকারীরা।মানের ব্যাকহিল ফ্লিকে ছয় গজ বক্সের সামনে থেকে বল বাইরে মারেন ফিরমিনো।
৩৮তম মিনিটে বার্নলির ডুয়াইট ম্যাকনিলের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে জাল অক্ষত রাখেন আলিসন।
ম্যাচের ৪৩ মিনিটের মাথায় রবার্তো ফিরমিনোর গোলে এগিয়ে যায় লিভারপুল। বাঁ দিক থেকে অ্যান্ড্রু রবার্টসনের পাসে ডি-বক্সে ছুটে গিয়ে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপস। ৫২তম মিনিটে বাঁ দিকের বাইলাইনের কাছে এক ডিফেন্ডারকে কাটিয়ে ক্রস বাড়ান মানে। ছয় গজ বকেক্সর মুখে লাফিয়ে হেডে বল জালে জড়ান ফিলিপস।
নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে স্কোরলাইন ৩-০ করে চেম্বারলেইন। রবার্টসনের পাসে নিচু শটে গোলটি করেন এই ইংলিশ মিডফিল্ডার।
৩৭ ম্যাচে ১৯ জয় ও ৯ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে তালিকার চারে অবস্থান করছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে পাঁচে লেস্টার সিটি। গোল পার্থক্যের সুবাদে এগিয়ে গেল লিভারপুল।
অপরদিকে ঘরের মাঠে এই নিয়ে টানা ১০ ম্যাচে তিন পয়েন্ট তুলতে ব্যর্থ হল বার্নলে। ৩৯ পয়েন্ট নিয়ে তাঁরা লিগ তালিকায় ১৭ নং এই রইল।
গত জানুয়ারিতে বার্নলির সঙ্গে প্রথম দেখায় অ্যানফিল্ডে ১-০ গোলেল হেরেছিল লিভারপুল। তাতে লীগে ঘরের মাঠে তাদের ৬৮ ম্যাচের অজেয় যাত্রা থেমেছিল।