ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কলমিরচর এলাকায় বালুমহালের সীমানাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে চট্টগ্রাম জেলার বারৈয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, কলমিরচরে বালু উত্তোলনকারী দুটো ট্রলার আটকের খবরে পৌর মেয়র ঘটনা জানতে ট্রলার যোগে ঘটনাস্থলে যাওয়ার পথে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অবৈধ বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা।
দীর্ঘদিন ধরে ফেনী সদর ও চট্টগ্রামের মিরমরাই উপজেলার কয়েকটি প্রভাবশালী চক্র সোনাগাজীর কলমিচর থেকে বালু চুরি করে আসছে। বালু চুরির কারণে কলমিরচর নদীতে তলিয়ে গিয়ে বদলে যাচ্ছে সোনাগাজীর মানচিত্র।