পরিবারের সঙ্গে রাগ করে কাউকে কিছু না বলে একসঙ্গে বাসা থেকে বেরিয়ে যায় চার কিশোরী। প্রথমে তারা সিলেট ও এরপরে খুলনা যায়। একপর্যায়ে টাকা ফুরিয়ে গেলে তারা বাসায় ফিরে আসার সিদ্ধান্ত নেয়। বাসায় ফিরে পুলিশ ও অভিভাবকদের এসব কথা জানিয়েছে তারা। এভাবে কাউকে না জানিয়ে বাসা ছেড়ে চলে যাওয়া তাদের ঠিক হয়নি বলেও স্বীকার করেছে তারা।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১ টার দিকে বাসায় ফিরে আসে ওই চার কিশোরী।
খবর পেয়ে তাদের বাসায় যায় মিরপুর থানা পুলিশ। তারা কী কারণে বাসা থেকে বেরিয়ে যায় এবং কোথায় গিয়েছিল এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন তারা। সে সময় এসব কথা বলে ওই চার কিশোরী।
এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) হাফিজুর রহমান বলেন, মিরপুর ১৩ নম্বরের নিজেদের বাসায় ফিরেছে চার কিশোরী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চার কিশোরী পুলিশকে জানায়, পরিবারের সঙ্গে রাগ করে তারা প্রথমে সিলেট যায়। সিলেট থেকে আবার ওই চার বান্ধবী খুলনা গিয়ে সেখানে একটি হোটেলে উঠে। এর মধ্যে তাদের হাতে টাকা শেষ হয়ে আসতে শুরু করে। তখন ওই চার বান্ধবী আবার বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। পরে টাকা শেষ হয়ে যাওয়ায় গতকাল রাতে তারা বাসায় ফিরে এসেছে।
এর আগে গত ২৮ মার্চ সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে চার বান্ধবী বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। তাদের মধ্যে তিনজন মাদরাসার ও একজন একটি স্কুলশিক্ষার্থী। তাদের নাম কুলসুম, তারমিন আক্তার কল্পনা, সামিয়া ও খুশি।