বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আবারও অন্ধকারে তলিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিএনপির হত্যা, খুন ও সন্ত্রাসের রাজনীতি দেশকে পিছিয়ে দিয়েছিল অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এ দেশে গণতান্ত্রিক, প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব এবং কারিগর। বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে, আবারও লাশের পাহাড় হবে। প্রতিশোধপ্রবণ বিএনপি ক্ষমতা পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে। সাম্প্রদায়িক ও সহিংসতার পৃষ্ঠপোষক বিএনপির হাতে এ দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তাদের রাজনীতি ভাইরাসের চেয়েও ভয়ংকর।‘
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ গতবারের চেয়ে সাত ধাপ এগিয়েছে।‘