বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের অভিযোগ করেছে বিএনপি। শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ৩টার দিকে ডিবি পুলিশের একটি দল উত্তরার বাসা থেকে তাকে আটক করে। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমের কাছে এ অভিযোগ করেন।
শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ডিবির কর্মকর্তারা ‘উপরের নির্দেশ’ আছে বলে স্যারকে নিয়ে গেছে।
রাত ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বশীল সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিএনপির মহাসচিব ও মির্জা আব্বাসকে ডিবি অফিসে নেওয়া হয়েছে।’
উত্তরা পূর্ব থানার ডিউটি অফিসার এসআই আশরাফ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনও খবর আসেনি।’
এ বিষয়ে জানতে চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এসএমএস দিলেও কোনও সাড়া পাওয়া যায়নি।