ডেস্ক রিপোর্টঃ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের আলীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রিপন খন্দকারের ছেলে রনি খন্দকার (১৩)। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহ জালাল আলম জানান, সকালে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের দুজন নিহত হয়। আহত পাঁচজনের অবস্থা আশংকাজনক।