অবশেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের সম্পর্ক ইতি টানলেন সার্জিও রামোস। বৃহস্পতিবার (১৭ জুন) প্রিয় ক্লাবকে বিদায় বলতে গিয়ে স্বাভাবিকভাবে রামোসের চোখ ভিজে গেল, কণ্ঠ ভারী হয়ে উঠল। আবারও দেখা হওয়ার বার্তা দিলেন ৩৫ বছর বয়সী তারকা ফুটবলার। খবর ডেইলি মেইলের।
বিদায়বার্তায় ১০ সেকেন্ডের কম কথা বলতেই কেঁদে দিলেন স্প্যানিশ ফুটবলার। এ সময় তিনি স্মরণ করলেন কীভাবে ১৯ বছর আগে ২০০৪ সালে তার বাবার সঙ্গে ক্লাবটিতে এসেছিলেন।
কান্নাভেজা চোখে রামোস বলেন, ‘আমার জীবনের অন্যতম কঠিন মুহূর্ত এসে গেছে। সময় এসেছে রিয়ালকে বিদায় বলার। এ সময় আবেগপ্রবণ না হওয়াটা অসম্ভব। সান্তিয়াগো বার্নাব্যুকে বিদায় বলছি।’
তারকা ফুটবলার বলেন, বিদায় হলেও খুব তাড়াতাড়ি দেখা হবে। শিগগিরই অথবা দেরিতে হলেও আমি ফিরে আসব এবং মাদ্রিদকে আমি সব সময় আমার হৃদয়েই রাখব।
কিশোর বয়সে এসে চ্যাম্পিয়ন্স লিগে সাফল্যে পৌঁছানো পর্যন্ত রামোসের ৩ মিনিটের ভিডিও প্রকাশ করেছে ক্লাবটি।
২০০৫ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৪৬৯টি ম্যাচ খেলেছেন রামোস, যেখানে গোল আছে ৭২টি। শেষ হওয়া মৌসুমের শুরু থেকেই কিছুটা ইনজুরিতে ভুগছিলেন রিয়াল মাদ্রিদের নিয়মিত অধিনায়ক। যে কারণে, পুরো মৌসুম তার সার্ভিস পায়নি লস ব্লাঙ্কোসরা। কিন্তু শেষ দিকে এসে আবারো নিজের চেনা ছন্দে ফিরতে শুরু করেছিলেন এ স্প্যানিয়ার্ড।
কিন্তু চুক্তির মেয়াদ শেষ হতে থাকলেও, ক্লাব থেকে কোনো প্রস্তাব না পাওয়ায় হতাশ ছিলেন তিনি। পরে ক্লাব কর্তৃপক্ষ নতুন চুক্তির আহ্বান জানালেও, সেখানে একমত হতে পারেনি দুই পক্ষ। রামোস দুই বছরের চুক্তি চাইলেও, ক্লাব থেকে মাত্র এক বছরের জন্য প্রস্তাব দেয় তাকে, সঙ্গে আবার বেতন কমানো হয় ১০ শতাংশ। তাই অনেকটা বাধ্য হয়েই ১৬ বছরের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন রামোস।