আমদানিকারক প্রতিষ্ঠান অলইষ্টার লজিস্টিক অ্যান্ড ট্রেডিং হাউজের বিরুদ্ধে মিথ্যা ঘোষণায় বিদেশ থেকে শূকরের মাংস আমদানি করার অভিযোগ উঠেছে।
বুধবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো আমদানি শাখায় অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের ঘোষণা বহির্ভূত ৫৬ হাজার কেজি ওজনের বেশকিছু পণ্যের চালান আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্মকর্তারা। প্রাথমিকভাবে তল্লাশি চালিয়ে এসব পণ্য থেকে ৮২৮ কেজি শূকরের মাংস জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখনো তল্লাশি অব্যাহত রয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার চায়না থেকে বিমানবন্দর কার্গো আমদানি শাখায় অলইষ্টার লজিস্টিক প্রতিষ্ঠানের ফুডস্টফ নামে বেশকিছু পণ্যের একটি চালান আসে। গোপন সংবাদের ভিত্তিতে ওই পণ্যের চালান আটক করা হয়। পরে প্রাথমিকভাবে তা থেকে ৮২৮ কেজি শূকরের মাংস জব্দ করা হয়।
এ ব্যপারে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, রাজধানীর অলইষ্টার লজিস্টিক অ্যান্ড ট্রেডিং হাউজ ফুডস্টফ পণ্যের নামে মিথ্যা ঘোষণা দিয়ে চায়না থেকে শূকরের মাংস আমদানি করে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তারা।
# সমকাল