বিমানের যাত্রী সেবা আরো উন্নত ও যুগোপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৪ মার্চ) সকালে বিমানের নতুন দুটি উড়োজাহাজের উদ্বোধনে, গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিমানকে বিশ্বমানের করে গড়ে তুলতে উদ্যোগী তার সরকার। তিনি বলেন, আমরা এর আগেও দুটি বিমান ক্রয় করেছি। এখন আবার দুটো বিমান আজ উদ্বোধন হচ্ছে। যেগুলোর নাম দিয়েছি- উড়োজাহাজ আকাশতরী ও শ্বেতবলাকা। এগুলো যেন সুন্দরভাবে সুরক্ষিত থাকে, যাত্রীসেবা যেন মানসম্মত হয়, এদিকে সবাই খেয়োল রাখবেন। জানান, আওয়ামী লীগ সরকারের আমলে বিমানের বহরে যোগ হয়েছে ১৬টি উড়োজাহাজ।
বিমান কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এটা আমাদের দেশ। লাখ শহীদের রক্তের বিনিময়ে এদেশ পেয়েছি। এ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা সকলের দায়িত্ব। আমাদের যাত্রীসেবা যত উন্নত করতে পারব, দেশের লাভ হবে। সেটাই আমরা চাই।
এ সময় তিনি বলেন, এটা অত্যন্ত নিরাপদ ও আধুনিক প্রযুক্তির। যারা চিন্তা করেন তাদের জন্য এটা নিরাপদ হবে। চিন্তার বিষয় কিছু থাকবে না।