বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চৌদ্দজন কংগ্রেসম্যান গণতন্ত্রহীনতার অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশনের কথা বলেছেন। এটি দেশ ও জাতির জন্য লজ্জার। আজ একনায়কতন্ত্রের বিরুদ্ধে গোটা জাতি এক হয়েছে। বিশ্ববিবেক আজ অবিচারের বিরুদ্ধে জেগে উঠেছে।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান অতিথি ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রিজভী বলেন, অনেক বাধা দিয়েছে। রাজধানীর সব প্রবেশপথে নেতাকর্মীদের মহাসমাবেশে আসতে বাধা দেওয়া হয়েছে। কিন্তু জনস্রোত ঠেকাতে পারেননি। পারবেন না। পদ্মা, মেঘনা ও যমুনার ঢেউয়ের মতো মানুষ এসেছে।
তিনি বলেন, সরকার দেশকে শেষ করে দিচ্ছে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এ সরকারকে বিদায় না করতে পারলে দেশের সার্বভৌমত্ব থাকবে না। এদের বিদায় না করতে পারলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।