চারপাশে সবুজ পাহাড়ের সমারোহ আর নিচে নীল জলরাশি। এর ওপর ৫১৬ মিটার দীর্ঘ আর ১৭৫ মিটার উঁচু ঝুলন্ত সেতুতে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা কতোটা রোমাঞ্চকর হতে পারে! হ্যাঁ আসলেই, সম্প্রতি বিশ্বের দীর্ঘতম পথচারী পারাপার সেতুর উদ্বোধন করেছে পর্তুগাল।
প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বলা হয়ে থাকে পর্তুগালের উত্তরাঞ্চলের আভেইরোকে। মূল শহরকে পর্তুগালের ভেনিস বলা হলেও শহরের বাইরের সৌন্দর্য আরও মনোমুগ্ধকর। অ্যারোকা শহরের পাইভা নদীর উপর ঝুলন্ত সেতু থেকে চারপাশের দৃশ্য এনে দেবে স্বর্গীয় অনুভূতি।
দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় বিশ্বের দীর্ঘতম পথচারী পারাপার সেতু উন্মুক্ত করেছে পর্তুগাল। রোববার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে ৫১৬ অ্যারোকা সেতুটি বৃহস্পতিবার স্থানীয়দের জন্য খুলে দেয়া হয়।
সেতুটিতে একসাথে সর্বোচ্চ ১০০ জন উঠতে পারবেন বলে জানান অ্যারোকার মেয়র মার্গারিতা বেলেম। আগে থেকে অনলাইনেও ভ্রমণের সময় নিতে পারবেন পর্যটকরা।
শনিবার (১ মে) থেকে পর্যটকদের জন্য খুলেছে পর্তুগালের দরজা।