ময়মনসিংহে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়ায় এক পুলিশ সদস্যের (কনস্টেবল) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার (২৮ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাফিজুল ইসলাম এ পরোয়ানা জারি করেন।
অভিযুক্ত ব্যক্তি গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের মৃত আমীর আলীর ছেলে সাদ্দাম হোসেন। তিনি ২০১৫ সালে পুলিশ সদস্য হিসেবে চাকরিতে যোগ দেন। তবে বর্তমানে ময়মনসিংহ পুলিশ লাইনসে কর্মরত আছেন।
জানা গেছে, ভুক্তভোগী তরুণী (২১) গৌরীপুর উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সাদ্দাম ভুক্তভোগী তরুণীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ২১ মে সাদ্দাম ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ করে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একই বছরের ২ জুলাই তরুণীকে আবারও ধর্ষণ করে। পরে ভুক্তভোগী তরুণী বিয়ের জন্য চাপ দিলে সাদ্দাম তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এ সময় বিষয়টি তরুণী সাদ্দামের পরিবারকে জানান। পরে কোনো সুরাহা না হওয়ায় আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) বদর উদ্দিন আহমদ জানান, ২০২১ সালের ২২ সেপ্টেম্বর মামলাটি করা হয়। এ মামলায় ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ শেষে পিবিআইকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন আদালত।
তিনি আরও জানান, এ মামলার তদন্ত শেষে চলতি বছরের ২৩ জুন আদালতে প্রতিবেদন জমা দেয় পিবিআই। তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়ায় আদালত আজ রোববার দুপুরে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ জরি করেন।