সাতক্ষীরার শ্যামনগরে বিয়ের আশ্বাসে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক চেয়ারম্যান পুত্র মিজানুর রহমানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শ্যামনগর উপজেলার সদর সন্নিকটে ইসমাইলপুর গ্রামে মোল্যা টাইল্স নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে ওই ছাত্রীকে রাতভর ধর্ষণ করা হয়। ধর্ষিতা স্কুলছাত্রী (১৭) শ্যামনগর থানায় মঙ্গলবার (১৩ অক্টোবর) ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। ধর্ষক মিজানুর রহমান মিজান পূর্ব দূর্গাবাটি গ্রামের প্রাক্তন ইউপি চেয়ারম্যান হাজি নজরুল ইসলামের পুত্র।
প্রাপ্ত তথ্যে জানা যায়, পূর্ব দূর্গাবাটি গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসার সুবাদে মিজানের সঙ্গে ওই স্কুলছাত্রীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের আশ্বাসে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে মিজান। ঘটনার দিন রাত ১১টার দিকে বিয়ের কথা বলে মিজান তাকে ডেকে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের বিশ্রাম রুমে রাতভর ধর্ষণ করে। পরদিন সকালে বিয়ের জন্য চাপ দিলে মিজান কালক্ষেপণের একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে অপর সহযোগী বিশ্বনাথের মোটরসাইকেলে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। এসময় মিজান তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং প্রেমের সম্পর্কের সমস্ত আলামত নষ্ট করে।
শ্যামনগর থানার ওসি নামজুল হুদা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে মিজান ধর্ষণের কথা স্বীকার করেছে। ধর্ষিতা ওই ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে (সামেক) পাঠানো হয়েছে। ধর্ষক মিজানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে ওসি জানান।
#ডিবিসি নিউজ