সিরাজগঞ্জের সলঙ্গা থানার রাম কৃষ্ণপুর ইউনিয়নের জালশুকা গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল নিয়ে এক প্রেমিকা অনশন শুরু করেছে। রোববার (২৮ মার্চ) সকাল থেকে গ্রামের আজিজ মাস্টারের ছেলে মাহফুজ রহমানের বাড়িতে অবস্থান করছেন ওই প্রেমিকা।
ভুক্তভোগী প্রেমিকা একই ইউনিয়নের উনুখাঁ গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী জানান, ৬ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক মাহফুজ তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। সম্প্রতি গত ২২ মার্চ প্রেমিক মাহফুজ তার সাথে মিলিত হন। বিয়ষটি তাদের পরিবার জেনে যায়। এরপর থেকেই মাহফুজকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন প্রেমিকা। কিন্তু তাতে রাজি হননি মাহফুজ। এখন সেই সম্পর্ক অস্বীকার করছে প্রেমিক মাহফুজ। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই মাহফুজের বাড়িতে গিয়ে বিষের বোতল নিয়ে অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যা করবে বলেও জানান ভুক্তভোগী প্রেমিকা।
অভিযুক্ত প্রেমিক মাহফুজের মা বলেন, তার ছেলের সাথে ওই মেয়ের প্রেমের সম্পর্ক নেই। তবে একই বয়সের হওয়ায় তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে।
এই বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।