বিয়ে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন কয়েক মাস আগে। তারপর সেই তিনিই কিনা বসলেন বিয়ের পিঁড়িতে। তাই বিয়ে করে সমালোচনার মুখে পড়েন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
সেই সমালোচনার মুখে পড়ে এবার কেন বিয়ে করেছেন, সেই সাফাই দিয়েছেন মালালা। ফ্যাশনবিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন ভোগের এক নিবন্ধে জানিয়েছেন নিজের বিয়ের কারণ জানান তিনি।
ওই নিবন্ধে আসার মালিকের সঙ্গে দেখা হওয়া, সময় কাটানো নিয়েও কথা বলেন তিনি। ভোগে মালালার নিবন্ধটি ১১ নভেম্বর প্রকাশিত হয়েছে বলে জানায় দ্য কুইন্ট।
‘নিজের ভাষায় মালালার বিয়ে’ শিরোনামে ওই নিবন্ধ প্রকাশিত হয়। সেখানে মালালা বলেন, আমি একজন সেরা বন্ধু ও সঙ্গী খুঁজে পেয়েছি। এবার সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি থেকে বিয়েকে দেখেছেন বলেও জানান মালালা।
ভোগের সঙ্গে মালালার এক আলাপচারিতাকে ঘিরেই মূলত সমালোচনার শুরু। জুলাইয়ে ভোগকে মালালা বলেন, আমি এখনো বুঝি না কেন মানুষকে বিয়ে করতে হবে? আপনি যদি একজন জীবনসঙ্গী চান, তবে কেন বিয়ের কাগজপত্রে সই করতে হবে? এটা কী কেবল একটি অংশীদারত্ব হতে পারে না?
এমন মন্তব্যের চার মাস পর ৯ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন মালালা। চার মাস আগে করা নিজের মন্তব্যের সাফাইয়ে মালালা বলেন, আমি বিয়ের বিরুদ্ধে ছিলাম না। আমি প্রথাটি নিয়ে সর্তক ছিলাম। আমি পুরুষতান্ত্রিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম।
তিনি লিখেন, বিয়ের পর নারীদের বিভিন্ন বিষয়ে আপসের প্রস্তুতি নিতে হয় এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বিয়ে সংক্রান্ত আইনগুলোতে সাংস্কৃতিক প্রথা ও নারীবিদ্বেষী মনোভাবের প্রভাব পড়ে তা নিয়ে কথা বলেছিলাম।
মালালা আরও লিখেন, বিয়ে তার কাছে স্বাধীনতা, নারীত্ব এবং মানবিক অধিকার হারানোর মতো একটি বিষয় ছিল। আর এ দৃষ্টিভঙ্গির পেছনে ছিল পাকিস্তানের কাটানো তার শৈশব। যেখানে বিয়েকে মেয়েদের কাছে ‘দাসত্ব’ হিসেবে পরিচয় করানো হয়।
প্রসঙ্গত, গত ৯ নভেম্বর পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসার মালিকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মালালা। এরপরই চার মাস আগে করা মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল হন তিনি।