বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী জানান, আমরা সফলভাবে টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। করোনাকালীন সময়ে যখন শুধুমাত্র করোনা ছাড়া সব ধরনের সেবা বন্ধ ছিল, আমরা আমাদের হাসপাতালগুলোতে সব সেবা কার্যক্রম চালু রেখেছিলাম। করোনার পাশাপাশি অন্যান্য রোগীদেরও সেবা দিয়েছি। এখন করোনা সংক্রমণ বেশ কমে এসেছে, এখনো আমরা একসঙ্গে দুটি সেবাই চালিয়ে যাচ্ছি।
তিনি আরো জানান, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন হাতে নিয়েছে সরকার। আগে দ্বিতীয় ডোজ দেওয়ার ছয় মাস পর বুস্টার ডোজ দেওয়ার নিয়ম থাকলেও সেটি এখন কমিয়ে এনে চার মাস করা হয়েছে। আগামী ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশে মোট ৩ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকা দেবে স্বাস্থ্য অধিদপ্তর। আর সেদিন থেকেই নতুন এই নিয়ম কার্যকর হবে।
শিশুদের টিকা বিষয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। তারা অনুমোদন দিলেই দেশে ১২ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবিরসহ আরও অনেকে।