কুমিল্লার বুড়িচংয়ের পরিহল পাড়া গ্রামে সবজি বিক্রেতা শাহজাহান (৪৫) দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে যাওয়ার ঘটনায় জুলহাস (৫০) ও আব্দুল হালিম (৪০) নামের দু’জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ ফেব্রুয়ারি) আটককৃতদের আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে গত ৩০ জানুয়ারি রাতে পরিহলপাড়া গ্রামের নিজ বাড়ির সামনে রাতের আঁধারে কে বা কারা সবজি বিক্রেতা শাহজাহানকে এসিড মেরে পালিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে শাহজাহান দীর্ঘদিন ধরে পৈত্রিক বাড়ি ছেড়ে জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখোলা গ্রামে বসবাস করে আসছে। গত ৩০ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের পরিহলপাড়া গ্রামে বাড়ির সামনে হঠাৎ শাহজাহানের চিৎকারে তার স্বজনসহ প্রতিবেশীদের ঘুম ভেঙ্গে যায়। এ সময় বাড়ির সামনের সড়কের পাশে শাহজাহানকে মাটিতে পড়ে থাকতে থেকে প্রতিবেশীসহ স্বজনরা উদ্ধার করে নিকটবর্তী ইস্টার্ণ মেডিকেল কলেজ ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বঙ্গবন্ধু বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন কুমিল্লা (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহান সরকার, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক পিপিএম।
এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে জুলহাস এবং আবদুল হালিমকে আটক করে থানায় নিয়ে আসে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দেবপুর ফাঁড়ির আইসি আজিজুল বারী নয়ন বলেন, এ ঘটনায় শাহজাহানের বোন পারভীন বাদী হয়ে রোববার রাতে বুড়িচং থানায় ৩ জনের নামোল্লেখ করে একটি মামলা রুজু করেছে। পুলিশ দু’জনকে আটক করেছে। অন্য আসামীকে আটকের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, শাহজাহান বর্তমানে আশঙ্কামুক্ত। পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।