সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যবসায়ীকে আটকে রেখে চাঁদা দাবি, মারপিট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ২ জনকে আটক করেছে র্যাব ১২। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৭টি অবিস্ফোরিত ককটেল, ইলেকট্রিক শক স্টিক ও দেশীয় অস্ত্র।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে র্যাব-১২ এর হেড কোয়াটারে এক সংবাদ সম্মেলনে র্যাবের অধিনায়ক অতিরিক্ত ডি আইজি মো. মারুফ হোসেন জানান, সোমবার (১০ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়াশিখা গ্রামে একটি ভাড়াটিয়া বাসায় সিরাজগঞ্জ পৌর এলাকার এক ব্যবসায়ীকে ডেকে এনে শামীম নামের এক ব্যক্তি। সেখানে ওই ব্যবসায়ীর সঙ্গে আরও কয়েকজন সঙ্গী ছিল। এসময় শামীম, আল আমিন, মিকাইনসহ কয়েকজন ওই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে ব্যবসায়ী ও তার সঙ্গীদের ইলেকট্রিক শক স্টিক দিয়ে শক দেয়া হয় এবং মারপিট করা হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা ককটেল বোমা বিস্ফোরণ করে পালিয়ে যাবার চেষ্টা করে।
ঘটনার খবর পেয়ে র্যাব-১২’র একটি দল ঘটনাস্থলে যায়। ঘটনার সঙ্গে জড়িত আল আমিন এবং মিকাইল নামে ২ যুবককে আটক করে। উদ্ধার করা হয় ব্যবসায়ী ও তার সঙ্গীদের। এসময় ঘরের মধ্যে অবিস্ফোরিত ৭টি ককটেল বোমা, ইলেকট্রিক শক স্টিক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটক আল আমিনের বাড়ি যশোরে ঝিকরগাছায় এবং মিকাইলের বাড়ি ঝিনাইদহের কোট চাঁদপুরে। আটককৃতরা সংঘবদ্ধ হয়ে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অপরাধ কার্যক্রম চালাতো। তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।