কুমিল্লার দেবীদ্বারে ব্যবসায়ীকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে, কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারত নাছরিন জাহান এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাউরা গ্রামের মৃত শব্দর আলী সরকারের পুত্র ফিরোজ সরকার। নিহত নারায়ণ চন্দ্র পাল দেবীদ্বারের মোহাম্মদপুর গ্রামের মৃত সুরেশ চন্দ্র পালের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর কুমিল্লার দেবীদ্বারের মোহাম্মদপুর বাজারে ব্যাবসায়ীক জটিলতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে সুমা ডিজিটাল স্টুডিওর মালিক নারায়ণ চন্দ্র পালকে রাতে ষ্টুডিও এর ভেতরে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে খুন করে স্থানীয় বাউরা গ্রামের ফিরোজ সরকার। পরদিন সকালে দেবীদ্বার থানা পুলিশ নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই দুলাল চন্দ্র পাল বাদী হয়ে দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরদিন দেবীদ্বার থানা পুলিশ আসামি ফিরোজ সরকারকে আটক করে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠায়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এডিপিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জয়দেব চন্দ্র সাহা ও অ্যাডভোকেট মোঃ ইলিয়াছ মিন্টু।