চট্টগ্রামে নগরীর নেভি হাসপাতাল গেট এলাকায় ট্রাস্ট ব্যাংকের শাখায় ঢুকে ‘বোমা মারার’ হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গ্রেপ্তার হওয়া যুবক তারেকুল ইসলাম (২৫) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের মুফিজুর রহমানের ছেলে। বুধবার (৩১ মার্চ) বিকেলে নগরীর হাসপাতাল গেট এলাকায় ব্যাংকটির নেভাল বেইজ শাখায় ঘটে এ ঘটনা।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানিয়েছেন, ওই যুবক বিকেলে ব্যাংকে গিয়ে কিছুক্ষণ বসে থাকে। এরপর পকেটে হাত ঢুকিয়ে বোমা আছে বলে আতঙ্ক সৃষ্টি করে ব্যাংক কর্মকর্তাদের নিকট ২০ লাখ টাকা দাবি করে। তা না হলে বোমা ফাটিয়ে ব্যাংক উড়িয়ে দেয়ার হুমকি দেয়। এসময় ব্যাংকের কর্মকর্তারা যুবকের সঙ্গে কথা বলার এক ফাঁকে পুলিশকে অবহিত করেন বিষয়টি।
ওসি আরও জানান, পরে র্যাব, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গ্রেপ্তার করে তাকে। ওই যুবক এক বছর আগে সর্বস্ব হারিয়ে কুয়েত থেকে দেশে আসার পর বেকার জীবন পার করছে।
এদিকে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল জানিয়েছেন, ব্যাংকের শাখা থেকে গ্রাহক-কর্মচারী সকলকে বের করার পর ওই যুবককে গ্রেপ্তারের পর তল্লাশি করা হয়েছে। তল্লাশি করে তার পকেট থেকে পারফিউমের একটি কৌটা পাওয়া গেছে।