বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ হায়দার আলী মারা গেছেন।
রোববার (২৪ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হায়দার আলীর বাড়ি শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা গ্রামে।
বিএনপির চেয়ারপারসনের এ উপদেষ্টার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল।
জানা যায়, ব্যারিস্টার হায়দার আলী কর্মজীবনে সরকারের তথ্য, পাট ও বস্ত্র, মহিলা ও শিশু, পরিবেশ ও বন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।
তিনি টিমলিডার হিসেবে ফিলিপাইন, থাইল্যান্ড, ফ্রান্স, কেনিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কেনিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্সসহ মাস্টার্স করে লন্ডন থেকে আইনের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন হায়দার।
ব্যক্তিজীবনে তিনি তিন সন্তানের জনক এবং তিনজনই ব্যারিস্টার। তিনি চাকরি জীবনে ঢাকা জেলার জেলা প্রশাসক ছিলেন।
সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল বলেন, ব্যারিস্টার হায়দার আলী আমাদের রাজনৈতিক অভিভাবক ছিলেন। দলের নিবেদিত প্রাণ ছিলেন তিনি। আমাদের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ছিলেন। তার মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ হতে আমরা গভীর শোক প্রকাশ করছি। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল চারটার সময় নারায়ণখোলার ভোটকান্দি ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে সূত্র নিশ্চিত করেছেন।