কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রেললাইনের পাশ থেকে মো. সজল মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার শশীদল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সজলের বাড়ি নগরীর শাসনগাছা এলাকায়। তিনি ওই এলাকার মাদককারবারি আবুল হোসেন ও জুহুরা বেগম বেবির ছেলে।
স্থানীয়রা জানান, সকালে শশদীল বিজিবি ক্যাম্পের পশ্চিম পাশে এবং ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পূর্ব পাশে যুবকের লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
সীমান্তবর্তী এ এলাকায় মাদকসেবী ও কারবারিদের আনাগোনা থাকে সবসময়।
স্থানীয়দের ধারণা, মাদকসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
নিহতের মা জুহুরা বেগম জানান, তার ছেলে সোমবার ঘর থেকে বের হয়েছিল। রাতে আর বাড়ি ফেরেনি। মঙ্গলবার সকালে তিনি জানতে পারেন তার ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ছেলে হত্যার বিচার দাবি করেছেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি ওপ্পেলা রাজু নাহা জানান, আমরা লাশের সুরতহাল তৈরি করেছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।