ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সালিশ বৈঠকে বাকবিতণ্ডার জেরে বল্লমের আঘাতে শাহ আলম (৩৫) নামের এক যুবক মারা গেছেন।
রোববার (১৭ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহ আলম উপজেলার বড়াইল ইউনিয়নের মৃত মালেক সরদারের ছেলে। শনিবার (১৬ জুলাই) রাতে তিনি বল্লমের আঘাতে আহত হন।
নিহতের পরিবার জানায়, শুক্রবার (১৫ জুলাই) স্থানীয় জাহের মিয়ার ছেলে বাহার মিয়া ও সফর মিয়ার ছেলে আরাফাতের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি মিমাংসা করতে শনিবার (১৬ জুলাই) রাতে এলাকার জাহের মিয়ার উঠানে সালিশ বৈঠক আহ্বান করা হয়। সালিশে জিয়া নামে একজন না আসায়, বৈঠকে উপস্থিত শাহ আলম এর কারণ জিজ্ঞাস করেন। এনিয়ে সফর মিয়া, সাঈদুল, ছুট্টু ও আরাফাতের সঙ্গে শাহ আলমের বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রসস্ত্রসহ শাহ আলমের ওপর হামলা চালায়। এ সময় তার একটি চোখে বল্লমের আঘাত লাগে। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা অবনতি হলে শহরের নিউ ল্যাবএইড হাসপাতালে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তবে অবস্থার আরও অবনতি হলে মধ্যরাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হলে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ জানান, খবর পাওয়ার পর পর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।