‘বড় নেত্রী’ বানিয়ে দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শুক্রবার (৩ জুন) সকাল ১০টায় ভুক্তভোগী মামলা করলে দুপুরে টঙ্গীর এরশাদনগর এলাকার অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাউন্সিলর ফারুক আহমেদ টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার মৃত আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে।
মামলার এজাহারের বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ জানান, প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে শারীরিক মেলামেশাসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিল ওই কাউন্সিলর। গত ২৩ মে সকাল ১০টায় ওই নারীর বাসায় গিয়ে কাউন্সিলর তার শয়নকক্ষে ঢুকে পড়ে। পরে ‘বড় নেত্রী’ বানানোর কথা বলে মেলামেশার প্রস্তাব দেয় কাউন্সিলর। এতে রাজি না হলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে ভুক্তভোগীর চিৎকারে অভিযুক্ত দ্রুত বাসা থেকে চলে যায়।
ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী শুক্রবার সকালে মামলা করেছেন। দুপুর সাড়ে ১২টায় কাউন্সিলরের অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।