করোনা ভ্যাকসিন নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়ার খবর আসছিল ভারতজুড়েই। সমস্যা হওয়ার কিছুদিন পরে তা কেটেও যাচ্ছিল। কিন্তু কোভিড টিকা নিয়ে মৃত্যুর খবর এল এই প্রথম। খবর জি২৪ ঘণ্টার।
ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কাজ করছে কেন্দ্রের এইএফআই (অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমুনাইজেশন)। ওই কমিটিই জানিয়েছে, গত ৮ মার্চ করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ায় (অ্যানাফিলাক্সিস) মৃত্যু হয়েছে ৬৮ বছরের এক ব্যক্তির। কমিটি আরও জানিয়েছে, গত ১৬ ও ১৯ জানুয়ারি করোনা ভ্যাকসিন নিয়ে আক্রান্ত হয়েছিলেন আরও ২ ব্যক্তি। তারা এখন সুস্থ রয়েছেন। উল্লেখ্য, অ্যানাফিলাক্সিস হল এক ধরনের অ্যালার্জি যা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।
ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন এমন ৩১টি কেস নিয়ে তদন্ত করছিল ন্যাশনাল এইএফআই কমিটি। তাদের রিপোর্টে বলা হয়েছে, ১৮টি ক্ষেত্রে দেখা গেছে অসুস্থতার কারণ ভ্যাকসিন নয়। সাতটি ক্ষেত্রে অসুস্থতার কারণ জানা যায়নি। তিনটি ক্ষেত্রে সমস্যার কারণ ভ্যাকসিন।
ন্যাশনাল এইএফআই কমিটির চেয়ারম্যান ডা এন কে অরোরা সংবাদমাধ্যমে জানিয়েছেন, অ্যানাফিলাক্সিস এর কারণে প্রথম মৃত্যু বলে একটি ঘটনাকে চিহ্নিত করা গেছে। এর ফলে ভ্যাকসিন নেওয়ার পর আধঘণ্টা যে অপেক্ষা করতে বলা হয় তাকে আরও গুরুত্ব দিতে হবে। বেশিরভাগ পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে দ্রুত চিকিত্সা করে বিপদ এড়ানো গেছে।’
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ১০ লাখ ভ্যাকসিনের ক্ষেত্রে হাসাপাতালে ভর্তি হতে হয়েছে মাত্র ৪.৮ জনকে।