করোনার ঢেউয়ে বেসামাল অবস্থা গোটা ভারতের। নিয়ন্ত্রণহীনভাবে ছড়াচ্ছে করোনা। প্রতিদিনই ভাঙছে সংক্রমণের রেকর্ড। একদিনে নতুন শনাক্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ। এতে বিশ্বে ব্রাজিলকে টপকে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশটি।
অথচ এমন সংকটময় পরিস্থিতিতে ভারতের উত্তরাখণ্ডের হারিদ্বারে শুরু হলো ঐতিহ্যবাহী কুম্ভ মেলা। ঢল নেমেছে লাখো ভক্তের। যেখানে বালাই নেই স্বাস্থ্যবিধি। গঙ্গার তীরে লাখো মানুষের এমন খামখেয়ালিপনায় স্বাস্থ্যবিধি মানানোর কাজে হাল ছেড়ে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এপ্রিলের প্রথম সপ্তাহে প্রথমবারের মতো ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ায়। এরপর থেকে প্রায় প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গেলো কয়েকদিন ধরে যা দৈনিক দেড় লাখ ছাড়াচ্ছে। পরিসংখ্যান বলছে, বিশ্বে এখন প্রতিদিন গড়ে আক্রান্তের ছয়জনের মধ্যে একজন ভারতের। বেড়েছে প্রাণহানিও।
ভারতে ঝুঁকিপূর্ণ ১০ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বিপাকে মহারাষ্ট্র। রাজ্যটিতে নতুন শনাক্ত ৬৩ হাজারের বেশি। এছাড়া ছত্রিশগড়, কর্নাটক, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের অবস্থাও ভয়াবহ। সংক্রমণ ঠেকাতে বেশিরভাগ রাজ্যেই জারি করা হয়েছে রাতের কারফিউ। লকডাউনের কথাও ভাবছে অনেক রাজ্য সরকার।
জনসমাগমে নিষেধাজ্ঞাসহ নতুন একাধিক বিধি-নিষেধ আরোপ করা হলেও মানা হচ্ছে না দিল্লিসহ বেশিরভাগ জায়গায়। এমন অবস্থায় ঘরে ঘরে গিয়ে ভ্যাকসিন দেয়ার কর্মসূচী চালুর দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর।