ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা শনিবার আরও কমল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লাখ ৭৩ হাজার ৭৯০ জন, যা গত ৪৫ দিনের মধ্যে দেশটিতে সর্বনিম্ন আক্রান্ত। এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ জন।
আক্রান্তের সংখ্যা কমলেও দৈনিক মৃত্যু খুব একটা কমেনি। শনিবারও (২৯ মে) তা সাড়ে তিন হাজারের ওপরে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬১৭ জনের। এ নিয়ে দেশে মোট প্রাণ হারালেন ৩ লাখ ২২ হাজার ৫১২ জন। খবর এনডিটিভির।
সংক্রমণ কম এবং সুস্থ বেশি হওয়ায় ভারতে সক্রিয় রোগীর সংখ্যা গত দুই সপ্তাহ ধরে কমছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে এক লাখ ১৪ হাজারেরও বেশি। এখন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ২২ লাখ ২৮ হাজার ৭২৪ জন। পাশাপাশি সংক্রমণের হারও গত কয়েক দিনে কমেছে। গত ২৪ ঘণ্টায় তা নেমেছে ৯ শতাংশের নিচে।
বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ কম হওয়াতে ভারতের সার্বিক সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়েছে। এখনও যে সংখ্যক সক্রিয় রোগী রয়েছেন দেশে, যে সংখ্যক লোক প্রতিদিন আক্রান্ত হচ্ছেন, করোনার প্রথম পর্বের সর্বোচ্চ সংখ্যার থেকে তা অনেক বেশি। তাই সংক্রমণ, সক্রিয় রোগী কমলেও ‘স্বস্তি’ দেওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি দেশে।