ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ঘরের মাঠে টেস্ট সিরিজের নাম থাকে অ্যান্টনি ডি মেলো ট্রফি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তবে সেই নাম বদলে ফেলার অনুরোধ করেছেন ইংল্যান্ডের সাবেক বাঁ-হাতি স্পিনার মন্টি পানেসর। তিনি ভারতের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের নাম ‘টেন্ডুলকার-কুক ট্রফি’ রাখার দাবি জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিসিসিআইয়ের কাছে দাবি জানিয়ে পানেসর টুইট করেন। টুইটে তিনি লেখেন, ‘ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের নাম টেন্ডুলকার-কুক ট্রফি রাখা হোক। নিজেদের দেশের হয়ে সব চেয়ে বেশি রান তাদের দখলে। আমরা জানি টেন্ডুলকার একজন কিংবদন্তি, কিন্তু তার নামে কোনো ট্রফি নেই। তাই টেন্ডুলকারের নামে ট্রফি থাকা উচিত। সেক্ষেত্রে টেন্ডুলকার-কুকের নামে ট্রফির নাম করা যেতে পারে।’
টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার। ২০০ ম্যাচে ৫১টি সেঞ্চুরি ও ৬৮টি হাফ-সেঞ্চুরিতে ১৫৯২১ রান করেছেন তিনি।ইংল্যান্ডের হয়েও সর্বোচ্চ রান কুকের। ১৬১ ম্যাচে ৩৩টি সেঞ্চুরি ও ৫৭টি হাফ-সেঞ্চুরিতে তার সংগ্রহ ১২৪৭২ রান। টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় পঞ্চমস্থানে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। বর্তমানে ভারত সফরে রয়েছে ইংল্যান্ড। চার ম্যাচের টেস্ট সিরিজে তারা ইতোমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট।