২০১৯ বিশ্বকাপের পর এটাই প্রথম সাক্ষাৎ দুই দলের। আর এই ফরম্যাটে সেই অপেক্ষাটা ৪ বছরের! এখনো বিশ্বমঞ্চে ভারতকে হারানোর তৃষ্ণা নিয়ে ঘুরতে থাকা পাকিস্তানের দীর্ঘশ্বাস সমাপ্তির আরও একটি মঞ্চ।
সেই মঞ্চে এবার নীলদের নেতৃত্বে বিরাট কোহলি, আর সবুজদের বাবর আজম। বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ও প্রতিভাবান এই দুই ব্যাটারের উপরই ঝুলে থাকছে ম্যাচ ফলাফলের অনেকটা। অতীত ভারতকে যতটা না আশ্বস্ত করছে, প্রতিশোধের নেশা ততটাই উজ্জীবিত করছে পাকিস্তানকে।
এখন পর্যন্ত ২০ ওভারের ক্রিকেটে মোট ৮ বার মুখোমুখি হয়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এর মধ্যে মাত্র একবার জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। ভারতের জয় ৭টিতে। শেষ বার দেখা হয়েছিল সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ইডেন গার্ডেনের যে ম্যাচে পাকিস্তান গুটিয়ে গিয়েছিল মাত্র ১১৮-তে। ৪ ওভার বাকি রেখেই সেই লক্ষ্যে পৌঁছে গিয়েছিল কোহলির দল।
ওয়ানডে বিশ্বকাপে দুই দলের ৭ বারের লড়াইয়ে ভারত জিতেছে প্রতিটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ লড়াইয়ে ভারতের সরাসরি জয় ৪ টিতে। আরেকটি হয়েছিল টাই। ২০০৭ বিশ্বকাপের সেই টাই ম্যাচেও পরে টাইব্রেকারে হেরে যায় পাকিস্তান।
সর্বোচ্চ রান সংগ্রাহক
ভারত-পাকিস্তান দ্বৈরথে সর্বোচ্চ রান কোহলির। পাকিস্তানের বিপক্ষে ৬ ইনিংসে ৮৪.৬৬ গড়ে ভারত অধিনায়কের রান সংখ্যা ২৫৪। তালিকার দুই নম্বরে রয়েছেন শোয়েব মালিক। অভিজ্ঞ এই পাকিস্তান অলরাউন্ডার এবারও রয়েছে বিশ্বকাপ দলে। ভারতের বিপক্ষে সবগুলো ইনিংসেই ব্যাট করা মালিকের রান ১৬৪। আর ৭ ইনিংস ব্যাট করে তালিকার তিন নম্বরে মোহাম্মদ হাফিজ।
সর্বোচ্চ উইকেটশিকারি
এই তালিকায় শীর্ষে অবস্থান পাকিস্তানি পেসার উমর গুলের। ৬ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন তিনি। দুই নম্বরে রয়েছেন ইরফান পাঠান। মাত্র তিন ম্যাচ খেলে ৬ উইকেট শিকার করেছেন এই ভারতীয় অলরাউন্ডার। তিনে মোহাম্মদ আসিফ, ২ ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন তিনি।