ভোলায় যুবকের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন আবুল বাশার (৫৫) নামে এক চায়ের দোকানি।
শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর বাঁশতলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত বাশার ওই গ্রামের বেলায়েত সর্দার বাড়ির বাসিন্দা ও চার সন্তানের জনক। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, বাঁশতলা বাজারে নিজের চায়ের দোকানে সিঙ্গারা তৈরি করছিলেন বাশার। একটু পর ওই এলাকার বিশু হাওলাদার বাড়ির মানসিক ভারসাম্যহীন যুবক জাবেদ সেখানে গিয়ে চায়ের কাপ ও সিংঙ্গারা নিয়ে ঝামেলা বাধায়। এ সময় দোকানি বাশার বাঁধা দিলে তাৎক্ষণিক পাশে থাকা ছুরি দিয়ে তার বুকে ও হাতে আঘাত করে জাবেদ। পরে স্থানীয়রা বাশারকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, জাবেদ দীর্ঘদিন বাড়িতে শিকল বন্দি ছিলেন। এর আগেও তিনি একাধিক মানুষকে ছুরিকাঘাত ও লাঠিপেটা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত ওই এলাকার মোহাম্মদ হাজির ছেলে জাবেদকে আটক করা হয়েছে। তবে তিনি মানসিক ভারসাম্যহীন কি-না তা এখনও নিশ্চিত নই। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।