ভারতের দক্ষিণী অভিনেত্রী কাব্য থাপারকে পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয় তাকে।
এ ঘটনায় ২৬ বছর বয়সী অভিনেত্রীকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় শুক্রবার। পরে বিচারবিভাগীয় হেফাজতে নেয়া হয় কাব্যকে।
অভিনেত্রী কাব্য থাপার
পুলিশের এক কনস্টেবল বিবৃতিতে জানান, তিনি জুহু থানার নির্ভয়া স্কোয়াডের পাশে ছিলেন। সেখানে তাদের কন্ট্রোল রুম থেকে আসা একটি ফোনে বলা হয়, তারা যেন জুহুর জেডব্লিউ ম্যারিয়েট হোটেলের বিপরীত জায়গায় পৌঁছায়। সেখানে ফোনকারীর গাড়িকে একটি নারীর গাড়ি ধাক্কা দিয়েছে বলে অভিযোগ জানানো হয়। আর চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।
পুলিশ আরও জানিয়েছেন, এ ঘটনায় অভিযোগকারী গাড়ির চালক সামান্য আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিনেত্রী কাব্যর গাড়ি থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে গালিগালাজ করেন কাব্য। এছাড়াও পুলিশ কনস্টেবলের আইনি পোশাকের কলার চেপে ধরেন দক্ষিণী তারকা।
ভারতীয় গণমাধ্যম বলছে, কাব্য তার এক বন্ধুর সঙ্গে পার্টি থেকে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটেছে। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেয়া হয় এবং একজন অফিসারকে দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগ আনা হয় অভিনেত্রীর বিরুদ্ধে।
প্রসঙ্গত, কাব্য থাপার ‘টাটকাল’ শিরোনামের একটি হিন্দি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর মেকমাইট্রিপ ও কোহিনুরের তো প্রতিষ্ঠানে বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করেন। প্রথম সিনেমার পাঁচ বছর বিরতির পর ২০১৮ সালে তার অভিনীত ‘ই মায়া পেরেমিতো’ তামিল ভাষার সিনেমা মুক্তি পায়। পরের বছর তামিল সিনেমা ‘মার্কেট রাজা এমবিবিএস’ মুক্তি পায়।
সবশেষ ২০২১ সালে দক্ষিণী এই তারকার তেলেগু সিনেমা ‘এক মিনি কথা’ মুক্তি পায়।