ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার অপসারণ, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, নির্বাচনী ক্যাম্পে হামলা ও কর্মীদের মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এমএ ওয়াহেদের পক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের ওয়াহেদ টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে ট্রাক প্রতীকের সমন্বয়কারী ইফতেখার আহমেদ সুজন লিখিত বক্তব্যে বলেন, প্রথম থেকেই একের পর এক স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক প্রতীক) নির্বাচনী ক্যাম্পে আগুন, প্রচার মাইক ভাঙচুর, কর্মীদের ওপর হামলা চালিয়ে আসছে প্রতিপক্ষ নৌকা প্রতীকের লোকজন। এসব ঘটনায় একাধিকবার সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হলেও তিনি রহস্যজনকভাবে নীরবতা পালন করছেন। যে কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তার অপসারণ দাবি করছি।
তিনি বলেন, শনিবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার ধলিয়া বাজারে স্বতন্ত্র প্রার্থী এমএ ওয়াহেদের (ট্রাক প্রতীক) নির্বাচনী ক্যাম্পে প্রতিপক্ষের হামলার ঘটনায় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিয়া, যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, পরিবহন শ্রমিক লীগের সহ-সভাপতি মামুন ও সদস্য সোলাইমান, ইউনিয়ন কৃষক লীগের সদস্য জহিরুল ইসলাম এবং ট্রাক প্রতীকের কর্মী মাহাবুল আলম আহত হন। ঘটনার সময় ট্রাক প্রতীকের কর্মী পলাশ মিয়ার ফার্মেসিতে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর ও ক্যাশবাক্স থেকে টাকা ছিনিয়ে নেওয়াসহ আহত সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের প্রাইভেটকার ভাঙচুর করা হয়।
এর আগে সোমবার রাতে উপজেলার ধলিয়া এলাকায় ট্রাক প্রতীকের নির্বাচনী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও কর্মীদের মারধর করে আহত করা হয়েছে। এছাড়া উপজেলার কাচিনা, ডাকাতিয়া, উথুরা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে নৌকার কর্মীরা।
এসব ঘটনায় ইফতেখার আহমেদ সুজন বাদী হয়ে আদনান খান (৩২) ও আশিকুর রহমানসহ (৩৬) ২৪ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলী, যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, বীর মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের আহ্বায়ক সাদিকুর রহমান তালুকদারসহ নেতাকর্মীরা।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ জাগো নিউজকে বলেন, নির্বাচনী সহিংসতার ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান চলছে।
এ বিষয়ে জানতে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নম্বরে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ দেখায়।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কাজিম উদ্দিন আহম্মেদ ধনু জাগো নিউজকে বলেন, নিজেদের মাঝে টাকা পয়সার লেনদেন থেকে এসব ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে আমার কর্মী বা লোকজন জড়িত না।
রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জাগো নিউজকে বলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তার অপসারণ ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড করার দাবির বিষয়ে সংবাদ সম্মেলনের বিষয়টি আপনার কাছেই শুনলাম। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।