নারায়ণগঞ্জে বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মসজিদ কমিটির সভাপতিসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে সিআইডি।
আজ বৃহস্পতিবার (৩১শে ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের আদালতে এই চার্জশিট দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির নারায়ণগঞ্জ শাখার তদন্ত দল।
মামলায় প্রধান আসামি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুর মিয়া ছাড়াও অন্যান্য আসামিরা হলেন- সামসুদ্দিন সরদার (৬০), শামসু সরদার (৫৭), শওকত আলী (৫০), অসিম উদ্দিন (৫০), জাহাঙ্গীর আলম (৪০), শফিকুল ইসলাম উজ্জ্বল (৪৫), নাঈম সরদার (২৭), তানভীর আহমেদ (৪৫), আল আমিন (৩৫), আলমগীর সিকদার (৩৫), মাওলানা আল আমিন (৪৫), সিরাজ হাওলাদার (৫৫), নেওয়াজ মিয়া (৫৫), নাজির হােসেন (৫৬), আবুল কাশেম (৪৫), আবদুল মালেক (৫৫), মনিরুল (৫৫), স্বপন মিয়া (৩৮), আসলাম আলী (৪২), আলী তাজম (মিল্কী) (৫৫), কাইয়ুম (৩৮), মামুন মিয়া (৩৮), দেলোয়ার হোসেন, বশির আহমেদ (হৃদয়) (২৮), রিমেল (৩২), আরিফুর রহমান (৩০), মোবারক হোসেন (৪০) ও রায়হানুল ইসলাম (৩৬)। তবে তাদের বিস্তারিত পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।
গত ৪ঠা সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় ওই মসজিদে বিস্ফোরণ ঘটলে ৩৭ জন মুসল্লি ও একজন পথচারী অগ্নিদদ্ধ হন। পরে হাসপাতালে মারা যান ৩৪জন।
ঘটনার ৫ দিন পর ১০ই সেপ্টেম্বর মামলাটি তদন্তের দায়িত্ব নেয় সিআইডি। তদন্ত শেষে মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুর মিয়াসহ মোট ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি।