কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একজন শিশু বলাৎকারকারী এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিজ্ঞ বিচারক তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করেছেন। অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের সশ্রম দণ্ডাদেশ দেওয়া হয়েছে। বিজ্ঞ বিচারক জেবুন্নাহার আয়শা রবিবার এ রায় ঘোষণা করেন।
কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম মাওলানা মনছুর আলম (৪০)। তিনি কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মধ্য গজালিয়া গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৭ জুলাই রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ছেংছড়ি গ্রামের ১০ বছরের শিশুকে দোছড়ি জামে মসজিদে ডেকে বলাৎকার করেন আসামি। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন।
মামলায় মাওলানা মনছুর আলম ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় নিজে দোষ স্বীকার করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন। ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি এ মামলার অভিযোগ গঠন করে ১০জন সাক্ষী, আসামি পক্ষে পাঁচজন সাফাইসাক্ষী নেওয়া হয়। জেরা, যুক্তিতর্ক শেষে বিজ্ঞ বিচারক রবিবার মামলার রায় ঘোষণা করেন।
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহীম।